নৈহাটিতে লক্ষ্মীপুজোর মধ্যে দিয়ে সূচনা হয় বড়মার পুজোর প্রস্তুতি

স্টাফ রিপোর্টার, বারাকপুর: কালীপূজো নাম বলতেই চোখের সামনে ভেসে ওঠে নৈহাটি নামটি৷ তবে নৈহাটির কালি পুজো বললেই প্রথমেই যে পুজোর কথা উঠে আসে তা হল নৈহাটি ‘বড়মা’র পুজো৷ লক্ষ্মী পুজোর দিন কাঠামো পুজোর মধ্যে দিয়েই ‘বড়মা’র পুজোর প্রস্তুতি শুরু হয়ে যায়৷

মহা ধুমধাম করেই বুধবার কাঠামো পুজো হয় নৈহাটিতে৷ একেবারে প্রথা মেনে বড়মার পুজো শুরু হওয়ার পরই অন্যান্য কালি পুজো শুরু হয়৷ কথিত রয়েছে, নৈহাটির বড়মার কাছে শ্রদ্ধা ভরে কিছু প্রার্থনা করলে সেই মনস্কামনা পূর্ণ করেন দেবী৷

বড়মা উচ্চতায় ২১ ফুট এবং ১৪ হাত লম্বা বলে জানিয়েছেন এলাকাবাসীরা৷ তবে এই বড়মার পুজোতে কোনও চাঁদা তোলা হয় না৷ বড়মার পুজোর প্রণামী বাক্সতে ভক্তরা স্বেচ্ছায় যে টাকা প্রণামী দেয়, তা দিয়েই মহা ধুমধাম করে হয় নৈহাটির বড়মা কালি পুজো৷

এই বছর রীতি মেনে ৬ নভেম্বর মধ্যরাতে বড়মার পুজো হবে৷ বৃহস্পতিবার থেকে বড়মার মূর্তি তৈরি হবে ওই কাঠামোতে৷ বড়মা পুজো কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য বলেন, ‘‘বড়মা খুবই জাগ্রত৷ শ্রদ্ধা ভরে কিছু চাইলে ভক্তদের মা খালি হাতে ফেরান না৷

ভক্তদের প্রণামীতেই প্রত্যেক বছর মায়ের পুজো সম্পন্ন হয়৷ পুলিশি নিরাপত্তায় পুজোর আগে অন্তত কোটি টাকার সোনা রূপোর গহনায় মাকে সাজিয়ে তোলা হয়৷ অন্তত ৯০ বছরের বেশি সময় আগে বড়মার এই পুজোর প্রচলন করেছিলেন নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী৷ তিনি নদীয়ার কৃষ্ণনগরে রাস উৎসব দেখতে গিয়ে বড় বড় মূর্তি দর্শন করেছিলেন।

এরপর তিনি নৈহাটিতে ফিরে এসে বড়মার পুজো প্রচলন করেন৷ সেই থেকে একই নিয়ম মেনে ২১ ফুট উচ্চতার বড়মার পুজো হয়ে আসছে নৈহাটি শহরে৷ দেশ-বিদেশ থেকে ভক্তরা আসেন বড়মার পুজো দেখতে৷ অন্তত ৫০ হাজার মানুষ প্রত্যেক বছর এখানে পুজো দেন৷’’

এই পুজোর সময় প্রায় চার হাজার গরীব মানুষকে শাড়ি দান করেন এই পুজোর উদ্যোক্তারা৷ নৈহাটিতে বড়মার পুজো দিয়ে যেমন কালি পুজোর সূচনা হয়, একই ভাবে বড়মার বিসর্জনের পরই নৈহাটিতে অন্যান্য প্রতিমার বিসর্জন হয়৷

The post নৈহাটিতে লক্ষ্মীপুজোর মধ্যে দিয়ে সূচনা হয় বড়মার পুজোর প্রস্তুতি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2yx6WwM
via IFTTT

Comments