দামোদরে বালি পাচার: হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বাম বিধায়কের
তিমিরকান্তি পতি, বাঁকুড়া : দামোদরের পাড় থেকে অবৈধ বালি পাচার বন্ধ করতে হস্তক্ষেপ করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই দাবি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বাঁকুড়ার বড়জোড়ার বিধায়ক৷

বিধায়ক সুজিত চক্রবর্তীর অভিযোগ প্রশাসনের চোখের সামনে অবাধে বেআইনিভাবে বালি পাচার চলছে৷ গত ২৬ অক্টোবর মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে তিনি বলেছেন, দামোদরের পাড়ে পখন্না, শালী নদীর পাড়ের বৃন্দাবনপুর, বেলিয়াতোড় এবং পিড়রাবনী গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন ঘাটে রাতের অন্ধকারে বালি পাচার হচ্ছে। গোটা ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করে তাঁর অভিযোগ, পখন্না গ্রাম পঞ্চায়েতের সরকারি টাকা খরচ করে একশো দিনের কাজ প্রকল্পে বালির বস্তা দিয়ে দামোদর নদীর গতিপথ আটকানো হচ্ছে। ফলে ঐ জায়গায় বালি জমানোর কাজ চলছে। এভাবে চলতে থাকলে নদীর গতিপথ পরিবর্তনের পাশাপাশি বন্যার আশঙ্কাও করছেন তিনি।

বিধায়ক সুজিত চক্রবর্তী নিজের চিঠি আইন শৃঙ্খলার অবনতির কথাও তুলে ধরেছেন৷ তিনি বলেছেন সরকারী নির্দেশ উপেক্ষা করে প্রশাসনের সহযোগিতায় এক শ্রেণীর মানুষ জেসিবি ব্যবহার করে বালি তুলছেন। কিন্তু এই কাজে এক টাকাও সরকারি কোষাগারে জমা পড়ছে না বলে তার অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করার আগে বিষয়টি বার বার স্থানীয় প্রশাসন, পঞ্চায়েতের বিভিন্ন স্তরে জানিয়েও কোনও কাজ হয়নি বলে অভিযোগ করেছেন বিধায়ক৷
পরে সুজিত চক্রবর্তী বলেন, তাঁর বিধানসভা এলাকার শালি ও দ্বারকেশ্বর নদী থেকে অবাধে বালি পাচার হচ্ছে। মূলতঃ সন্ধ্যা ছ’টা থেকে ভোর ছ’টার মধ্যে কয়েক হাজার ট্রাক ও ট্রাক্টর প্রতিদিন এই কাজে যুক্ত রয়েছে। প্রশাসনের এক শ্রেণীর আধিকারিকের এই কাজে মদত থাকার অভিযোগেও এদিন তিনি সরব হন।
আরও পড়ুন : মতুয়া কার! তৃণমূল-বিজেপি দড়ি টানাটানির জবাব মিলবে মহা সম্মেলনেই
এদিকে, শুধু বাঁকুড়া নয়, দামোদরের পাড় কেটে বালিখাদ তৈরি করার ঘটনা ঘটছে বর্ধমানেও৷ এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ বর্ধমানের খণ্ডঘোষ থানার শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের গৈতানপুর চরমানা এলাকার বাসিন্দারা৷
বিগত কয়েক বছর ধরেই দামোদরের ভাঙনে গৈতানপুর চরমানার কয়েক হাজার বিঘা কৃষি জমি নদী গর্ভে তলিয়ে গিয়েছে। তলিয়ে গেছে বহু বাড়িও। গ্রামের অনেক বাসিন্দাই জমি বাড়ি খুইয়েছেন নদীগর্ভে। এই ঘটনায় দীর্ঘ দিন ধরেই গ্রামবাসীরা দামোদরের পাড় বাঁধানোর দাবি জানিয়ে আসছিলেন।
আরও পড়ুন : গার্ডেনরিচ তৃণমূল পার্টি অফিসে আত্মহত্যার চেষ্টা
গত ২০১৩ সালে প্রায় দেড় কিলোমিটার পাড় বাঁধানো হয় বোল্ডার দিয়ে। এরপর ফের চলতি বছরে দামোদরের উপর ভাগে প্রায় ৪৪ লক্ষ টাকা ব্যয়ে স্পার তৈরির কাজ শুরু হয়। এর ফলে একটি বালির চরের সৃষ্টি হয়েছে। আর তারই মাঝে কিছু অসাধু ব্যক্তি বোল্ডার ও স্পারের মধ্যে দিয়ে দামোদরের পাড় কেটে বালি তোলার কাজ শুরু করেছেন।
বর্ষা মরশুমে নদী থেকে বালি তোলা নিষিদ্ধ হয়েছিল৷ তারপর ১ অক্টোবর থেকে পুনরায় বালি তোলার কাজ শুরু হয়েছে।এদিকে, গৈতানপুর চরমানায় দামোদরের পাড় কেটে সেখান দিয়ে বালি ভরতি গাড়ি যাতায়াত করায় বাঁধের ব্যাপক ক্ষতি শুরু হয়েছে। ফলে ফের আতঙ্কে ভুগতে শুরু করেছেন গ্রামবাসীরা৷
The post দামোদরে বালি পাচার: হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বাম বিধায়কের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2yEmJtx
via IFTTT
Comments
Post a Comment