রহস্যজনক নীতীশ কেন দূত পাঠালেন লালুর কাছে?
পাটনা: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার কি সমকালীন ভারতের সবথেকে রহস্যজনক রাজনীতিক হিসেবে চিহ্নিত হতে চলেছেন ? কারণ তাঁর অবস্থান নিয়েই ক্রমাগত ধোঁয়াশা তৈরি হচ্ছে৷ লোকসভা নির্বাচনের জন্য নীতীশের দল জেডিইউ ইতিমধ্যে বিজেপির সঙ্গে আসন সমঝোতা পাকা করে ফেলেছে৷ দুই দলই জানিয়েছে একযোগে এনডিএর হয়ে লড়াই করার কথা৷ এতসবের মাঝে অন্তত তিনবার লালুপ্রসাদের কাছে দূত পাঠিয়ে সমঝোতা তৈরির চেষ্টা চালিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী৷
কে সেই দূত? আরজেডি সূত্র উদ্ধৃত করে হিন্দি দৈনিক ‘জনসত্তা’ ও ইংরাজি দৈনিক ‘দি টেলিগ্রাফ’-এর খবর, বিশিষ্ট নির্বাচন বিশ্লেষক তথা গত লোকসভায় নরেন্দ্র মোদীর প্রধান কর্পোরেট প্রচারক প্রশান্ত কিশোরকেই দায়িত্ব দিয়ে রেখেছেন নীতীশ কুমার৷ তবে প্রশান্ত নিজেই এখন সরাসরি রাজনীতিতে নেমে জেডিইউর সর্বভারতীয় দায়িত্বে রয়েছেন৷ বিভিন্ন সূত্র থেকে এবং নাম প্রকাশে অনিচ্ছুক আরজেডির কিছু নেতার বয়ান থেকে পরিষ্কার তিনবার সরাসরি লালুপ্রসাদ যাদব এবং তাঁর দুই পুত্র তেজস্বী ও তেজপ্রতাপের সঙ্গে দেখা করেছিলেন প্রশান্ত কিশোর৷
গত লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর নেতৃত্ব মেনে না নিয়ে বিজেপির সঙ্গে জোট ছিন্ন করেছিলেন নীতীশ কুমার৷ তারপরে তিনি জোট করেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) সঙ্গে৷ লালু-নীতীশের সেই জোট বিহারের ক্ষমতায় আসে৷ সেই সরকারের উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন লালু পুত্র তেজস্বী যাদব৷ পরে ফের জোট ভেঙে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নেন নীতীশ কুমার৷ ফের বিহারে এনডিএ ক্ষমতা আসে৷ এরই মাঝে পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হয়ে লালুপ্রসাদের জেল হয়েছে৷ তিনি অসুস্থ হয়ে পড়েন৷
সূত্রের খবর, এই সুযোগে মুম্বইতে চিকিৎসা করাতে যাওয়া লালুপ্রসাদের সঙ্গে দেখা করতে নীতীশ কুমার তাঁর বিশ্বস্ত প্রশান্ত কিশোরকে পাঠিয়েছিলেন৷ তিন ঘণ্টার আলোচনা হয়েছে৷ কিন্তু বেঁকে বসে লালু পরিবার৷ দুই পুত্র তেজস্বী ও তেজপ্রতাপ কোনওভাবেই নীতীশ কুমারকে আর বিশ্বাস করতে রাজি নন৷ ফলে প্রশান্ত কিশোর বেশ কয়েকবার আরজেডির এই দুই শীর্ষ নেতার সঙ্গে আলোচনাও চালানা৷ এর ফলে নীতীশ কুমার এবং লালু প্রসাদের মধ্যে নতুন করে জোট সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ বিশেষজ্ঞদের দাবি, লোকসভা পরবর্তী একটা সম্ভাবনার পথ খোলা রাখছেন দুই নেতা৷
প্রশ্ন উঠছে লালু প্রসাদের স্ত্রী তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর ভূমিকা নিয়েও৷ আরজেডির একটি সূত্র জানাচ্ছে, প্রশান্ত কিশোরের চেষ্টায় জল ঢেলে দিয়েছেন রাবড়ি৷ তিনিও নীতীশ কুমারের উপর ক্ষুব্ধ৷ কোনওভাবেই যাতে নীতীশ আর লালু ফের এক হতে না পারেন সেটিও তিনি লক্ষ্য রাখছেন৷ জেলে গেলেও পাটনার রাজনীতিতে লালুপ্রসাদের অবস্থান এখনও বেশ শক্ত৷ ফলে শেষ ইচ্ছে তিনিই জানাবেন৷ আর সেই ইচ্ছের দিকেই তাকিয়ে গোপনে জোট তৈরির পথ প্রশস্ত করে চলেছেন নীতীশ কুমার৷
বিহার রয়েছে লোকসভার ৪০টি আসন৷ জেডিইউর ভাগে পড়েছে ১৬টি এবং বিজেপির ভাগে পড়েছে ১৭টি৷ বাকি থাকল অন্যান্য শরিক যেমন রাম বিলাস পাশোয়ানের লোজপা৷ উল্টো দিকে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ভালো রাখা তেজস্বী যাদবের নেতৃত্বে আরজেডি গত কয়েকটি উপ নির্বাচনে দারুণ ফল করায় চিন্তা বেড়েছে নীতীশের৷ ইউপিএ শিবিরও চাইছে একদা মোদী বিরোধী নীতীশকে পাশে রাখতে৷ সেরকম বার্তাও দেওয়া হয়েছে৷ জমে গিয়েছে বিহারের রাজনীতি৷ পাটলিপুত্র ঘিরে পাক খেয়ে উঠছে জাতীয় রাজনৈতিক সমীকরণের অন্যতম পর্ব৷
The post রহস্যজনক নীতীশ কেন দূত পাঠালেন লালুর কাছে? appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2RbS2D6
via IFTTT
Comments
Post a Comment