পাওনা টাকা চাইতে গিয়ে প্রহৃত শ্রমিক ও তার ভাই
স্টাফ রিপোর্টার, মালদহ: পারিশ্রমিকের টাকা চাওয়াই কাল হল নির্মাণ শ্রমিক ও তার পরিবারের৷ তাদের প্রাপ্য টাকা চাওয়ায় বেদম মারধর করার অভিযোগ উঠল এক শ্রমিক সরবরাহকারী ঠিকাদার ও তার দলবলের বিরুদ্ধে৷ এই ঘটনায় দুই মহিলা সহ মোট চারজন আহত হয়েছে৷ দুই মহিলাকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়৷ বাকি দুই আহত ভরতি রয়েছে হাসপাতালে৷আহতদের নাম সাগর প্রামাণিক, বৃন্দাবন প্রামাণিক৷ অভিযোগের নিশানা সরবরাহকারী ঠিকাদার তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা নির্মাণ শ্রমিক সাগর প্রামাণিক ওই এলাকারই নির্মাণ শ্রমিক সরবরাহকারী ঠিকাদার তোফাজ্জল হোসেনের অধীনে কাজ করছিল৷ এই কাজের সূত্রেই তারা মাস ছয়েক আগে কলকাতায় নির্মাণ কাজ করতে যায়৷ সম্প্রতি বাড়িও ফিরে আসে সকলে৷ এরপর ওই ঠিকাদারের কাছে পারিশ্রমিকের ৫০ হাজার টাকা চাইতে যায় নির্মাণ শ্রমিক৷ কিন্তু সেই সময় তাকে টাকা দেওয়া হয়নি বলে অভিযোগ৷
আরও পড়ুন : অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার মুক ও বধির নাবালিকা
বুধবার সন্ধেবেলা তোফাজ্জলের কাছে আবার টাকা চাইতে যায় সাগর। সেই টাকা দিতে অস্বীকার করে তোফাজ্জল। এই নিয়েই দুজনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, এদিন গভীর রাতে তোফাজ্জল দলবল নিয়ে সাগরের বাড়িতে হামলা করে। তাকে বেধড়ক মারধর করে ধারালো অস্ত্র দিয়ে কোপানোরও অভিযোগ ওঠে। এদিকে এই ঘটনা দেখে সাগরকে বাঁচাতে যায় তাঁর দাদা৷ তাঁকে বাঁচাতে গেলে আক্রান্ত হতে হয় সাগরের দাদা বৃন্দাবন প্রামাণিক ও পরিবারের আরও দুই মহিলা সদস্যকে।

গ্রামবাসীরা ছুটে আসলে অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। প্রথমে গ্রামবাসীরা তাদের স্থানীয় বেদ্রাবাদ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দুই মহিলাকে ছেড়ে দেওয়া হলেও সাগর ও তার দাদা বৃন্দাবন প্রামাণিকের আঘাত গুরুতর বলে জানান চিকিৎসকরা৷ পরে তাদের মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত ঠিকাদার গা ঢাকা দিয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।
The post পাওনা টাকা চাইতে গিয়ে প্রহৃত শ্রমিক ও তার ভাই appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2OMp4wB
via IFTTT
Comments
Post a Comment