ত্রিস্তরীয় নিরাপত্তায় চলছে বাগানের ভোট যুদ্ধ
কলকাতা: কড়া নিরাপত্তার বেষ্টনীতে শুরু হল মোহনবাগান ক্লাবের সাধারণ নির্বাচন। রবিবার সকাল দশটা থেকে সবুজ-মেরুন ক্লাব তাঁবুতে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোষ্ঠ পাল সরণীর ক্লাব তাঁবুকে। ভোটগ্রহণ পর্ব চলাকালীন কোনও রকম অনভিপ্রেত ঘটনা ক্লাব তাঁবু বা বাইরে না ঘটে সেজন্য মোতায়েন রয়েছে মাউন্টেন পুলিশও।
ছুটির দিন সকাল থেকেই তাঁবুতে ভোটাধিকার প্রয়োগের জন্য একে একে ভিড় জমাতে শুরু করেন মোহনবাগান সভ্য-সমর্থকেরা। পুরুষ সভ্য-সমর্থকদের পাশাপাশি ভোট যুদ্ধে সামিল হন ক্লাবের মহিলা সমর্থকেরাও। সকাল সকাল ক্লাব প্রাঙ্গনে ভোট দিতে হাজির বছর চুরাশির আশুতোষ গুপ্ত। উৎসাহের সঙ্গেই প্রিয় ক্লাবে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। মা মারা গিয়েছেন কয়েকদিন আগে, তবু প্রিয় ক্লাবের টানে ভোট দিতে ছুটে আসেন বাগান সমর্থক দীপক হাতি। প্রিয় ক্লাবকে ঘিরে আবেগের এমনই অনেক চিত্র ধরা পড়ল মোহনবাগান নির্বাচনে।

ঘন্টা দেড়েক অতিক্রম করতে না করতেই বাগান তাঁবুতে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে যান উলুবেড়িয়ার সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা, প্রাক্তন সাংসদ সুধাংশু শীল, রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায়। এরপর একে একে আসেন জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্র , সোমেন মিত্র প্রমুখ।

ভোটাধিকার প্রয়োগ করে বাগানের প্রাক্তনী লক্ষ্মীরতন শুক্লা জানান, ‘এই ক্লাবের সঙ্গে আলাদা আবেগ জড়িয়ে রয়েছে। আগামিদিনে ক্লাবের ভাল কাজের স্বার্থে সকলকে শুভেচ্ছা।’ তবে প্রাক নির্বাচনী জটিলতা ঘিরে কোনও মন্তব্য করতে চাননি তিনি।
অন্যদিকে প্রিয় ক্লাবে ভোটদান করে অরূপ রায় জানান, ‘ক্লাবের স্বার্থে, খেলাধূলার স্বার্থে রাজনীতি বন্ধ হওয়া উচিৎ।’ পাশাপাশি টুটু বসু-অঞ্জন মিত্রের মধ্যে তিক্ততা এবং শেষ মুহূর্তে অঞ্জন মিত্রের সচিব পদ থেকে নাম প্রত্যাহার প্রসঙ্গে রাজ্যের মন্ত্রীর সংযোজন, ‘টুটু বসু-অঞ্জন মিত্র একে অপরের পরিপূরক। এদেরকে আমরা আলাদা দেখতে পারিনা।’ এমনকি ক্লাবের স্বার্থে আগামী দিনে অঞ্জন বাবুক্কে প্রেসিডেন্ট পদে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না বলে জানান তিনি।
The post ত্রিস্তরীয় নিরাপত্তায় চলছে বাগানের ভোট যুদ্ধ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Jk6dmI
via IFTTT
Comments
Post a Comment