কটুক্তির প্রতিবাদ করায় খুনের চেষ্টা কাকিমা-ভাইপোকে

স্টাফ রিপোর্টার, মালদহ: একাদশীতে অর্থাৎ শনিবার রাতে বিজয়া দশমীর ভাসান দেখে ফিরছিলেন কাকিমা ও তাঁর ভাইপো৷ পথেই কটুক্তি ও গালিগালাজের শিকার হতে হয় কাকিমাকে৷ সঙ্গে সঙ্গে ঘটনার প্রতিবাদ করেন ভাইপো৷

প্রতিবাদের ফলে দুষ্কৃতীদের হাতে নিগ্রহের শিকার হতে হয় তাঁকে৷ ভাইপোকে রীতিমতো মারধর করা হয়৷ ছুটে আসেন কাকিমা৷ তাঁকেও মারধর করা হয়৷ গুরুতর আহত কাকিমা বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার জালুয়া বাধাল মল্লিক পাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর আহত মহিলার নাম গীতা রজক৷ তাঁর ভাইপোর নাম দিলীপ রজক। দুর্গা পুজোর বিসর্জন দেখে বাড়ি ফিরছিলেন তাঁরা৷ অভিযোগ, সেই সময় ওই এলাকারই বাসিন্দা খগেন বসাক ও তার দলবল, দিলীপ রজকের পরিবারের মহিলাদের উদ্দেশ্যে কটুক্তি ও গালিগালাজ শুরু করে।

এরপর ঘটনার প্রতিবাদ করেন দিলীপ৷ সেই সময় খগেন বসাক ও তার দলবল দিলীপকে বেধড়ক মারধর শুরু করে। ভাইপোকে বাঁচাতে ঘটনাস্থলে ছুটে আসেন কাকিমা গীতা রজক৷

অভিযোগ সেই সময় তাঁকেও বেধড়ক মারধর করা হয়৷ এমনকি ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে খুনের চেষ্টাও করে খগেন ও তার দলবল। ঘটনায় স্থানীয় গ্রামবাসীদের তৎপরতায় আহত কাকিমা ভাইপোকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷

স্থানীয় সূত্রে খবর দিলীপকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও গীতা রজকের বাম চোখ ও মাথায় গুরুতর আঘাত থাকায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

গোটা ঘটনায় আহত পরিবারের পক্ষ থেকে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে৷ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

The post কটুক্তির প্রতিবাদ করায় খুনের চেষ্টা কাকিমা-ভাইপোকে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2z0GlYv
via IFTTT

Comments