লক্ষ্য বিশ্বকাপ কম্বিনেশন, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে আজ অভিযান শুরু কোহলিদের
গুয়াহাটি: টেস্ট সিরিজে মাত্র ছ’দিনেই দুরমুশ করে দেওয়ার পর রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে অভিযান শুরু করছে কোহলির ভারত। আইসিসি’র ক্রমতালিকায় নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ কোহলিদের সামনে যে বিরাট ঢাল হয়ে দাঁড়াবেন না মেনে নিচ্ছেন প্রত্যেকেই। অন্তত পাঁচ দিনের ক্রিকেটের ফলাফল দেখে সেই বিষয়টা একেবারেই পরিষ্কার। তবে ওয়ান ডে সিরিজে মেন ইন ব্লু’র জয় টেস্ট সিরিজের মত সহজ হতে দিতে নারাজ ক্যারিবিয়ান দলনেতা জেসন হোল্ডার।
শনিবার ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ‘ঘরের মাঠে বিশ্বের এক নম্বর দলের থেকে আমরা কড়া চ্যালেঞ্জটাই প্রত্যাশা করছি।’ নিজের দল নিয়ে বলতে গিয়ে ক্যারিবিয়ান দলনেতা জানিয়েছেন, ‘আমার দল একেবারেই তরুণ এবং সেখানে একাধিক অচেনা মুখের ভিড়। তবে এটাই তাঁদের কাছে সুযোগ কিছু করে দেখানোর।’
ভারতের মত শক্তিশালী দলের বিরুদ্ধে তাঁর দলের ব্যাটিং যে ভোগাতে পারে তা আগাম আঁচ করে তরুণ এই দলনেতা জানিয়েছেন, ‘দলের ব্যাটিং গভীরতা অনেকটাই কম। ধারাবাহিকভাবে ওয়ান ডে ক্রিকেটে আমরা ৩০০ রানের স্কোর ছুঁতে পারছি না। যা আমাদের বারবারই সমস্যায় ফেলছে। হেভিওয়েট সিরিজের আগে ড্রেসিংরুমেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।’ উপমহাদেশের ব্যাটিং সহায়ক উইকেটে অন্তত তিনশোর গন্ডি ছুঁতে না পারলে যে ভারতের বিরুদ্ধে জয় পাওয়া মুশকিল, তা হাড়ে হাড়ে জানেন এই অল-রাউন্ড ক্রিকেটারটি।
তবে হাজার না থাকার ভিড়ে ভারতের বিরুদ্ধে অভিজ্ঞ মার্লন স্যামুয়েলসের উপস্থিতি স্বস্তি দিচ্ছে ক্যারিবিয়ান দলনেতাকে। গুয়াহাটিতে রবিবার কেরিয়ারের ২০০ তম ওয়ান ডে খেলতে নামছেন ওয়েস্ট ইন্ডিজের এই পোড় খাওয়া ক্রিকেটারটি। পাশাপাশি পেস বিভাগে কেমার রোচের উপস্থিতি বিরাট, রোহিত সমৃদ্ধ ভারতের ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে জবাব হতে পারে বলে মনে করছেন হোল্ডার।
অন্যদিকে বিশ্বকাপ কম্বিনেশন গড়ে তোলার লক্ষ্যেই এশিয়া কাপ জয়ের ফের সাদা বলের ক্রিকেটে ফিরছেন বিরাটরা। মহেন্দ্র সিং ধোনির উপস্থিতি সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে’তে অভিষেক এখন শুধু সময়ের অপেক্ষা ঋষভ পন্তের। অপেক্ষাকৃত দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরীক্ষা-নিরীক্ষা করে বিশ্বকাপের আগে তরুণ প্রতিভাদের ঝালিয়ে নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। সেই লক্ষ্যেই ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুরন্ত খেলা পন্ত দলে অচিরেই জায়গা করে নেবেন বলে মত বিশেষজ্ঞদের।

সোশ্যাল মিডিয়ায় ওয়ান ডে অভিষেকের ইঙ্গিত দিয়েছেন তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান নিজেও। টুইটারে পন্ত লেখেন, ‘ক্রিকেট মাঠে নিজের একশো শতাংশ দেবার জন্য সর্বদা প্রস্তুত। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে মাঠে নামার জন্য তর সইছে না।’
দলের ১২ জনের মধ্যে পাঁচজন বিশেষজ্ঞ বোলারের পাশাপাশি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা থাকায় ধরে নেওয়া যায় একজন বোলারকে বসতে হবে রিজার্ভ বেঞ্চে। সেক্ষেত্রে উমেশ, শামি, খলিলের মধ্য থেকে একজন জল বাহকের ভূমিকায় দেখা যেতে পারে। তাই যদি হয়, তবে ধোনিসহ ছ’জন ব্যাটসম্যানের মধ্যে অবধারিতভাবে জায়গা করে নেবেন ঋষভ। অর্থাৎ, সিরিজ জয় গুরুত্বপূর্ণ হলেও বিশ্বকাপের আগে ধোনির বিকল্প বাছাই হিসেবে পন্তই যে নির্বাচকদের প্রথম পছন্দ, তা একপ্রকার নিশ্চিত।
The post লক্ষ্য বিশ্বকাপ কম্বিনেশন, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে আজ অভিযান শুরু কোহলিদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2S3OUKu
via IFTTT
Comments
Post a Comment