প্রথম জয়ে দলের পারফরম্যান্সে খুশি কপেল
নয়াদিল্লি: প্রথম দু’ম্যাচে হার। তাই তৃতীয় রাউন্ডে দিল্লি ডায়নামোসের বিরুদ্ধে নামার আগে সাবধানী ছিলেন এটিকে কোচ স্টিভ কপেল। দলকে কতটা এক সুঁতোয় গাঁথতে পেরেছেন তিনি, দেখার অপেক্ষায় ছিলেন অনুরাগীরাও। অ্যাওয়ে ম্যাচে দলের ২-১ গোলে জয় আশ্বস্ত করল তাদের। আইএসএলে প্রথম জয় পেয়ে দলের প্রশংসায় পঞ্চমুখ কোচ কপেল নিজেও।
শেষ লগ্নে গোল করে বুধবার ম্যাচের নায়ক এটিকে’র আল মাইমৌনি। তবে ম্যাচের শুরু থেকেই এদিন বাড়তি তাগিদ লক্ষ্য করা যায় এটিকে ফুটবলারদের মধ্যে। ফলস্বরূপ ২০ মিনিটে অধিনায়কের পাস থেকে বলবন্ত সিংয়ের দুরন্ত গোলে ম্যাচে এগিয়ে যায় এটিকে। পিছিয়ে পড়ে হতোদ্যম না হয়ে বরং ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করে দিল্লি ডায়নামোস। কিন্তু এরইমধ্যে ম্যাচে ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ চলে আসে এটিকে’র সামনে। কোমল থাতালের ক্রস থেকে বলবন্তের হেড এযাত্রায় অনেকটা বাইরে দিয়ে চলে যায়। তবু এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় এটিকে।
দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে সেটপিসের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে ফিরে আসে দিল্লি। হোম টিমকে সমতায় ফেরান প্রাক্তন মোহনবাগানী প্রীতম কোটাল। কিন্তু ৮৪ মিনিটে সুপার সাব আল মাইমৌনির গোলে অ্যাওয়ে ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট তুলে নেয় এটিকে।
৭০ মিনিট মাঠে থেকে এদিন দুরন্ত ফুটবল খেলেন সদ্য সতেরোর কোঠা পেরনো থাতাল। কিন্তু পিছিয়ে পড়ে থাতালের পরিবর্ত জয়েশ রানে এবং কালুর পরিবর্ত মাইমৌনি ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অ্যাওয়ে ম্যাচে এদিন দলের দুরন্ত পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে এটিকে কোচ কপেল জানান, ‘সারা ম্যাচেই আমরা প্রাধান্য রেখে ফুটবল খেলেছি। প্রতিপক্ষ সমতায় ফেরার পর একটু চাপে পড়লেও ফুটবলাররা নিজেদের গুছিয়ে নিয়ে ম্যাচে ফেরত আসে। এই জয় তারই প্রমাণ।’ এরই সঙ্গে দলের প্রথমার্ধের খেলা যে এদিন তাঁকে আশ্বস্ত করেছে, তা জানাতেও ভোলেননি কপেল।
ম্যাচের আবিষ্কার কোমল থাতালকে নিয়েও উচ্ছ্বাসের সুর কপেলের গলায়। এটিকে কোচের কথায়, ‘দারুণ এনার্জি, ছেলেটার দুটো পা দারুণ চলে, বলের উপর দখল রেখে ফুটবলটা খেলতে জানে।’ তবে দ্বিতীয়ার্ধে পরিবর্তন দুটোও যে সময়োপযোগী, সেটাও একবাক্যে মেনে নিচ্ছেন এটিকে শিবিরের ব্রিটিশ কোচ। এ প্রসঙ্গে ব্রিটিশ কোচ জানান, ‘কোমল কিছুটা ক্লান্ত হয়ে পড়ায় জয়েশ রানের মত ফ্রেশ লেগ কাজে আসতে বলে মনে হয়েছিল।’
তাঁর জোড়া পরিবর্তনই শেষ অবধি ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেওয়ায় খুশি কপেল। তবে আপফ্রন্টে কালু উচে এখনও কিছুটা নিষ্প্রভ থাকায় চিন্তার কোনও কারণ দেখছেন না কপেল। ‘ভিসা সমস্যার কারণে দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করতে পারেনি সে। একটু সময় দিলেই জাত চেনাবে কালু।’ নিশ্চিত কপেল।
The post প্রথম জয়ে দলের পারফরম্যান্সে খুশি কপেল appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Cqc1tx
via IFTTT
Comments
Post a Comment