তৃণমূল কর্মীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ দলের যুব কর্মীদের
স্টাফ রিপোর্টার, কোচবিহার: সোমবার কোচবিহারে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে তাঁর আসার কারণ সরকারি অনুষ্ঠান হলেও রাজনৈতিক মহলের একাংশের ধারণা মুখ্যমন্ত্রীর কোচবিহারে আসার কারণ দলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটানো৷ আর মন্ত্রীর আসার প্রাক মুহুর্তেও গোষ্ঠীদ্বন্দ্ব থামার নাম নেই জেলায়৷
শুক্রবারই দিনহাটার বড় আটিয়াবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান যুব কর্মীরা। শনিবার কোচবিহার ১ নম্বর ব্লকের দেওয়ানহাটের বালাসি এলাকায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পথে নামে যুব তৃণমূল কংগ্রেস।

২২ সেপ্টেম্বর দেওয়ানহাটের নবাবগঞ্জ বালাসি এলাকায় যুব তৃণমূল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে পুড়িয়ে দেওয়া হয় প্রায় ৩০ টি যুব তৃণমূল কংগ্রেস সমর্থকের বাড়ি। অভিযোগ ওঠে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে৷ সেই ঘটনায় দোষীরা গ্রেফতার হয়নি৷ তাই এবার অপরাধীদের গ্রেফতারের দাবিতে এবং পুড়ে যাওয়া ঘরের জন্য ক্ষতিপূরণের দাবিতে দক্ষিণ বালাসি এলাকায় এদিন সকাল ১০ টা থেকে প্রায় ২ ঘণ্টা পথ অবরোধ করে স্থানীয় যুব সমর্থকরা৷
সেদিনের ঘটনায় পুড়ে যাওয়া আসবাব, মোটরবাইক ও অন্যান্য বস্তু নিয়ে শনিবার অবরোধ চলে। পরে কোতোয়ালি থানার আই সি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে৷ সবশেষে অবরোধ তুলে নেয় তারা।

যদিও গোষ্ঠীদ্বন্দ্বের কথা মানতে নারাজ দেওয়ানহাট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান লিপিকা ভৌমিক৷ তাঁর দাবি, বাড়িগুলি পুড়ে যাওয়ার পেছনে কোনও রাজনৈতিক কারণ ছিল না৷ কেউ কেউ এই ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। দেওয়ানহাটে কোনও গোষ্ঠী কোন্দল নেই৷ কিছু দুষ্কৃতী পথ অবরোধ করে অশান্তির চেষ্টা করছে মাত্র।
The post তৃণমূল কর্মীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধ দলের যুব কর্মীদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2D7Xdky
via IFTTT
Comments
Post a Comment