কোটা সংস্কার: নতুন করে ক্লাস বর্জন-পরীক্ষা বাতিলের আন্দোলন

ঢাকা:  সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত পড়ুয়াদের উপরে হামলার ঘটনায় উত্তপ্ত হতে শুরু করল বাংলাদেশ৷ রবিবার থেকে দেশের সব কলেজ বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন ও অবরোধ কর্মসূচির পালনের ডাক দেওয়া হল৷ নতুন করে ছড়িয়ে পড়া বিক্ষোভের কেন্দ্রেবাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। ইতিমধ্যেই সেই আহ্বানে সাড়া পড়তে শুরু করেছে৷

শনিবার কোটা সংস্কারের পক্ষের নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন৷ তার আগেই শুরু হয় বিক্ষিপ্ত সংঘর্ষ৷ অভিযোগ, আওয়ামি লিগের শাখা সংগঠন ছাত্র লিগের কর্মী-সমর্থকরা মারধর করে৷ এতে জখম হয়েছেন কোটা বিরোধী আন্দোলনের নেতা নুরুল হক নূর সহ আরও কয়েকজন৷

যদিও ছাত্র লিগের দাবি, আন্দোলনকারীদের গোষ্ঠী সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়ায়৷ দু পক্ষের চাপান উতোরে পরিস্থিতি সরগরম৷

এরই মাঝে কোটা বিরোধী বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান জানিয়েছেন, রবিবার থেকে দেশজুড়ে পরীক্ষা ও ক্লাস বর্জন শুরু হচ্ছে৷ আন্দোলনকারীদের দাবি, কোটা বাতিল বলে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রায় তিন মাস পার হলেও নোটিশ জারি করা হয়নি৷ তাই নতুন করে আন্দোলনের প্রস্তুতির জন্য শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল৷

একনজরে কোটা সংস্কার আন্দোলন:

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর চালু হওয়া কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে চাকরি প্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। ১৯৭২ সালে সরকারি চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থার প্রবর্তন করা হয়। সে সময় মেধাতালিকা ২০ শতাংশ বরাদ্দ করা হয়৷ নিয়মের আওতায় ৪০ শতাংশ নির্দিষ্ট ছিল জেলাভিত্তিক, ৩০ শতাংশ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য চাকরি এবং ১০ শতাংশ যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য বরাদ্দ করা হয়েছিল৷ বেশ কয়েকবার এই কোটা ব্যবস্থাটি পরিবর্তন করা হয়েছে।

চলতি বছর জানুয়ারি থেকেই সরকারি চাকরির ক্ষেত্রে কোটা নিয়মটি আমূল সংস্কারের দাবিতে আন্দোলন ছড়াতে শুরু করে৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে জমায়েতের প্রভাব ছড়িয়ে পড়ে পুরো দেশে৷ আন্দোলনকারীদের পাশে দাঁড়ান প্রথম শ্রেণির একাধিক বুদ্ধিজীবীরা৷ এদের কেউ কেউ ক্ষমতাসীন দল আওয়ামি লিগের ঘনিষ্ট৷ ফলে আন্দোলন এত তীব্র হয় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে বিবৃতি দিয়ে কোটা নিয়মটি বাতিলের নির্দেশ দেন৷

The post কোটা সংস্কার: নতুন করে ক্লাস বর্জন-পরীক্ষা বাতিলের আন্দোলন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Kkkjbs
via IFTTT

Comments