কোটা সংস্কার: হাসিনা সরকারের অবস্থানে তৈরি হচ্ছে ধোঁয়াশা

ঢাকা: পড়ুয়াদের তীব্র আন্দোলনের মুখে গত ১২ই এপ্রিল সংসদে সরকারি চাকরির কোটা ব্যবস্থা বাতিলের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সেই ঘোষণার পর আড়াই মাস পার হলেও এখনো কোন বিজ্ঞপ্তি জারি হয়নি৷ দ্রুত বিজ্ঞপ্তি জারি নিয়ে নতুন করে আন্দোলন শুরুর আগেই বিক্ষিপ্ত সংঘর্ষে কোটা সংস্কারপন্থীরা আক্রান্ত হওয়ায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে৷ জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিক্ষোভকারীদের নেতা নুরুল হক৷

বিবিসি জানাচ্ছে, কোটা বাতিল নিয়ে সরকারের অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷ অন্যদিকে কিছু বাংলাদেশি ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট, আন্দোলনকারীদের বিরূপ প্রতিক্রিয়া শেখ হাসিনা সরকারের ভোট বাক্সে পড়তে চলেছে৷ বিরোধীদের তরফেও আন্দোলনকে সমর্থন জানানো হয়৷ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এর প্রভাব পড়বে৷

এদিকে আন্দোলনকারী নেতা নুরুল হক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যে সংসদে কোটা বাতিলের ঘোষণা করেন। এরপর তারা আমাদের সঙ্গে আরও কয়েকবার মিটিং করে সময় নিয়েছেন। মন্ত্রীপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠনের কথা বলা হয়েছিল। কিন্তু সেই কমিটিও এখনো গঠিত হয়নি, কোন কাজও করেনি। তাহলে কোটা সংস্কারের কি হল৷

এই পরিপ্রেক্ষিতে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে সাংবাদিক সম্মেলন ডাকে কোটা বিরোধী মঞ্চ৷ সেখানেই হামলা চালানো হয়৷ অভিযোগ ছাত্রলিগ এই হামলা চালিয়েছে৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে সংগঠনের তরফে৷ এর জেরে দেশজুড়ে ক্লাস বর্জন ও পরীক্ষা বাতিলের পথে হাঁটছেন আন্দোলনকারীরা৷

কোটা বিরোধী আন্দোলনের বিভিন্ন দিক খতিয়ে দেখেছে বিবিসি৷ রিপোর্টে বলা হয়েছে, সরকারি চাকরির কোটা সংস্কারে সরকারের দীর্ঘসূত্রিতা নতুন করে সংশয়ে ফেলেছে আন্দোলনকারী শিক্ষার্থীদের। এদিকে আন্দোলনকারীদের দাবি মানতে নারাজ মুক্তিযোদ্ধা পরিবারের বর্তমান প্রজন্ম৷ তারা মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার পক্ষেও আন্দোলন শুরু করছে৷

কোটা বাতিলের দাবিতে গতবারের তীব্র বিক্ষোভের ধাক্কায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছিলেন, দেশ থেকে তুলে দেওয়া হবে এই ব্যবস্থা৷ কিন্তু সরকার দ্রুত পদক্ষেপ না নেওয়ায় বিক্ষোভ নতুন করে ছড়াতে শুরু করে৷ তবে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি ছিল, পুরোপুরি বাতিল নয়, কোটা ব্যবস্থা সংস্কার করে ১০ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনতে হবে।

The post কোটা সংস্কার: হাসিনা সরকারের অবস্থানে তৈরি হচ্ছে ধোঁয়াশা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2yX9k2u
via IFTTT

Comments