ওঝাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে: মহিলা কমিশনের চেয়ারপার্সন

স্টাফ রিপোর্টার, বর্ধমান: সমাজ থেকে ডাইনি প্রথাকে দূর করতে এবার ওঝাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়ে গেলেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়। শুক্রবার পূর্ব বর্ধমান জেলা সমাজ কল্যাণ দফতরের উদ্যোগে ডাইনি প্রথা সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন লীনাদেবী।

তাঁর সঙ্গে হাজির ছিলেন মারিয়া ফার্ণাণ্ডেজ, রত্না ঘোষ, দিপান্বিতা হাজারী, শ্রাবন্তী বন্দোপাধ্যায় প্রমুখরা। এছাড়াও ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব সহ জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।

আরও পড়ুন: অক্ষর ভেল্কিতে ১৫১ শেষ উইন্ডিজরা

এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে মহিলা কমিশনের কাছে জেলার তিনটি ডাইনি সংক্রান্ত অত্যাচারের ঘটনা তুলে ধরা হয়৷ জেলার বিশেষত জামালপুর ব্লকেই একাধিক ঘটনা ঘটলেও তা লিপিবদ্ধ না হওয়ায় এদিন তা নিয়ে গুঞ্জন শুরু হয়। এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরণের এঘটনায় কী কী ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা তুলে ধরা হয় মহিলা কমিশনের কাছে।

 

লীনাদেবী জানিয়েছেন, সমাজ থেকে এই কুসংস্কার দূর করতে সরকার বদ্ধ পরিকর। ইতিমধ্যেই এই ধরণের ঘটনাগুলি নিয়ে ছোট ছোট তথ্যচিত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। যা জেলায় জেলায় ব্যাপকভাবে প্রচার করা হবে। আদিবাসী সমাজের মধ্যে এখনও ওঝা, গুণীনের যে প্রভাব রয়েছে সেগুলি দূর করতে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে৷ পাশাপাশি তাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করে রাখার মত পদক্ষেপ গ্রহণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: রাস্তায় কোটি টাকা কুড়োতে ব্যস্ত এলাকাবাসী

অন্যদিকে, জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু জানিয়েছেন, অশিক্ষার জন্যই এই ধরণের ঘটনা ঘটে। কিন্তু বর্তমান সরকারের আমলে এই অবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। কিন্তু সমাজ থেকে এই কুসংস্কার দূর করতে প্রশাসনের পাশাপাশি জন প্রতিনিধিদেরও এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন: জেল হেফাজতে ধর্ষণে অভিযুক্ত দুই যুবক

The post ওঝাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে: মহিলা কমিশনের চেয়ারপার্সন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tQsfWL
via IFTTT

Comments