জলমগ্ন কলকাতায় স্তব্ধ সোমবারের সকাল, ব্যহত রেল পরিষেবা

স্টাফ রিপোর্টার, কলকাতা: সোমবার কর্মব্যস্ত সকালেই প্রবল বৃষ্টি শহরে। আর তার জেরেই কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে শহরের জনজীবন। ধীরগতিতে চলছে ট্রেন। বাস চলাচলের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। তাই সপ্তাহের প্রথম কাজের দিনেই হয়রান হতে হচ্ছে যাত্রীদের।

শহরের বিভিন্ন জায়গায় জল জমেছে। ইএম বাইপাস, বেহালা, উল্টোডাঙার মত ব্যস্ত রুট জলে নিমগ্ন। গাড়ির চাকা ডুবে যাচ্ছে জলের তলায়। ফলে, ট্রাফিকের গতি কমেছে। এদিকে রেললাইন গুলিতেও জল জমেছে, ফলে, হাওড়া এবং শিয়ালদা দুই লাইনেই ট্রেন চলছে যথেষ্ট ধীরগতিতে।

সোমবার সকাল সাড়ে ১০ টা পর্যন্ত ৩৩. ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুধু কলকাতা নয়, বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এও তুমুল বৃষ্টি হয়েছে, সঙ্গে বজ্রপাত। হাওয়া অফিস জানাচ্ছে, আরও সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। তার জেরে বৃষ্টিপাত আরও বাড়বে উত্তরবঙ্গে।

প্রসঙ্গত, গত ১২ জুনের পর থেকে মৌসুমি বায়ুর কোনও নড়ন চড়ন হয়নি। উত্তুরে বর্ষারেখা ওডিশা দিয়ে রাজ্যে ঢুকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কিছু এলাকার উপর দিয়ে গিয়ে বাগডোগরা পর্যন্ত বিস্তৃত আছে। অন্যদিকে, একটি নিম্নচাপও তৈরি হচ্ছে। একদিকে মৌসুমি বায়ু অন্যদিকে নিম্নচাপের ফলে বঙ্গে বৃষ্টি হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

১১ জুন দক্ষিণবঙ্গ দিয়ে রাজ্যে প্রবেশ করেছিল বর্ষার মেঘ। ১২ তারিখ সারাদিন অঝোরে বৃষ্টি হয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গেও শুরু হয় বৃষ্টি। কিন্তু ১৩ জুন থেকেই সব উধাও হয়ে যায়। বৃষ্টি থেমে যায় রাজ্যের দুই প্রান্তেই। তবুও পাহাড়ে ধাক্কা লেগে মেঘ উত্তরবঙ্গে বৃষ্টি ঝরালেও দক্ষিণে শুরু হয় দাবদাহ।

The post জলমগ্ন কলকাতায় স্তব্ধ সোমবারের সকাল, ব্যহত রেল পরিষেবা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2ly8eAy
via IFTTT

Comments