যোগ দিবস এড়িয়ে জোট জল্পনা বাড়ালেন নীতিশ

পাটনা: বিগত তিন বছরে আন্তর্জাতিক যোগ দিবসে নিজেকে সামিল করেননি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সেই ধারা বজায় থাকল চতুর্থ বছরেও। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।

কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকে আন্তর্জাতিক যোগ দিবস পালন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ জুড়ে সকল রাজ্যগুলিতে সেই নির্দেশ থাকলেও অনেক মুখ্যমন্ত্রী তা অমান্য করে থাকেন। সেই তালিকায় ছিলেন জেডি(ইউ) প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। কারণ মোদী বিরোধিতার কারণেই তিনি ২০১৩ সালে এনডিএ ছেড়েছিলেন।

সেই অনুসারে ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত মোদীর সরকার অনুষ্ঠান এড়িয়ে যাওয়া অস্বাভাবিক ছিল না। কিন্তু গত জুলাই মাস থেকে ফের এনডিএ জোটে সামিল হয়েছেন নীতিশ। তবুও ২০১৮ সালের যোগ দিবসের অনুষ্ঠান এড়িয়ে গেলেন বিহারের মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বিহারের যোগ দিবসে সামিল ছিল না তাঁর জনতা দল ইউনাইটেড।

বিহারের মুখ্যমন্ত্রী এবং তাঁর দলের অবস্থান ঘিরে নতুন সমীকরণ তৈরি হচ্ছে রাজনৈতিক মহলে। বিশেষজ্ঞদের মতে, যোগ দিবসের অনুষ্ঠান এড়িয়ে আসলে দিল্লির বিজেপি নেতৃত্বকে নীতিশ কুমার বার্তা দিয়ে রাখলেন যে অতিরিক্ত কিছু আশা যেন না করা হয়। একই সঙ্গে বিহারের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ না পাওয়ার বিষয়টিও এর সঙ্গে জড়িত থাকতে পারে বলে মনে করছে অনেকে। এছাড়াও লোকসভা নির্বাচনে বিজেপি এবং জেডি(ইউ)-র আসন সমঝোতার বিষয়টিকেও অনেকে গুরুত্ব দিয়েছেন।

যদিও বিহারে রাজ্য সরকারি উদ্যোগে পালিত হয়েছে আন্তর্জাতিক যোগ দিবস। যার পুরোভাগে ছিলেন উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদী। তবে সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নীতিশের হাজির না থাকা নিয়ে ব্যাখ্যা দিয়েছে বিজেপি-জেডি(ইউ) দুই পক্ষই। উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদী বলেছেন, “মুখ্যমন্ত্রীর উপস্থিত না থাকা কোনও বড় বিষয় নয়। এর মধ্যে কোনও রাজনীতি নেই।” বিজেপি নেতা তথা বিহারের আইনমন্ত্রী রবি শঙ্কর প্রসাদ বলেছেন, “আগের রতেই আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করেছি। এই বিষয়টি নিয়ে অযথা রাজনীতি করবেন না।”

নীতিশ কুমারের যোগ দিবসের অনুষ্ঠানে হাজির না থাকার সঙ্গে তাঁর দল জেডি(ইউ)-র কোনও সম্পর্ক নেই। এমনই দাবি করেছেন নীতিশের দলের মুখপাত্র রাজীব রঞ্জন প্রসাদ। তাঁর কথায়, “নীতিশ কুমার রোজ সকালে যোগ আসন করেন। এর জন্য তাঁর কোনও বিশেষ দিন দরকার হয় না।”

The post যোগ দিবস এড়িয়ে জোট জল্পনা বাড়ালেন নীতিশ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MarOOH
via IFTTT

Comments