স্কুলের সামনে সিগারেট বিক্রি! শীঘ্রই শুরু ধরপাকড়

স্টাফ রিপোর্টার, বর্ধমান: স্কুলের ২০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি করা আইনত অপরাধ৷ এমনকী, ওই এলাকার মধ্যে তামাকজাত দ্রব্য কেনাও অপরাধ হিসেবেই বিবেচিত হয়৷ কিন্তু তার পরও আইন ভাঙার প্রবণতা লক্ষ্য করা যায় বিক্রেতা থেকে শুরু করে পড়ুয়াদের মধ্যে৷

তাই এ নিয়ে আরও একবার কড়া হচ্ছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন৷ ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি স্কুল চত্বরেই পোস্টার সাঁটিয়ে এই নিষেধাজ্ঞার কথা জানিয়ে দেওয়া হয়েছে৷ তার পর ধরপাকড় অভিযান চালানো হয়৷ সেই অভিযানই আবার শুরু করা হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে৷

আরও পড়ুন: রাতের কলকাতায় বিদ্যুৎ বিপর্যয়, প্রতিবাদে পথ অবরোধ

সোমবার জেলা প্রশাসনের স্কুল শিক্ষা মনিটরিং কমিটির বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে৷ বৈঠকের পর একথা জানান বর্ধমান জেলা সর্বশিক্ষা প্রকল্পের আধিকারিক শারদ্বত চৌধুরী৷

তাঁর কথায়, এর আগে গত মার্চের ৫ তারিখ অভিযান চালানো হয়েছিল৷ অভিযান চলে জেলার আড়াই হাজার স্কুলে৷ সঙ্গে ছিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন৷ এরকমই একটি অভিযান ফের হতে চলেছে বলে তিনি জানান৷ এবারও জেলার আরও আড়াই হাজার স্কুলে অভিযান চলবে৷ অভিযান আগামী মাসের ৫ তারিখ হবে বলে জানিয়েছেন তিনি৷

আরও পড়ুন: মেট্রো স্টেশনে ভয়ঙ্কর বিস্ফোরণে ছড়াল আতঙ্ক

ওই অভিযানে তামাকজাত দ্রব্য ব্যবহার বন্ধে যেমন সতর্কতা নেওয়া হবে, তেমনই স্কুলের ভিতরের পরিস্থিতি খতিয়ে দেখা হবে৷ ক্লাসের মধ্যে মোবাইলের ব্যবহারও নিষিদ্ধ৷ সেটাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন শারদ্বত চৌধুরী৷

The post স্কুলের সামনে সিগারেট বিক্রি! শীঘ্রই শুরু ধরপাকড় appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2t90tFI
via IFTTT

Comments