চলন্ত অটোতে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ সেনা জওয়ানের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার, বারাকপুর: ফের চলন্ত অটোতে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার বারাকপুরে৷ ঘটনায় আটক করা হয়েছে এক সেনা জওয়ানকে৷ ধৃতের নাম শ্যাম চরন সাউ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই জওয়ান হরিয়ানার বাসিন্দা৷ টিটাগড় থানার পুলিশ শ্যামাচরণকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷

ঘটনার সূত্রপাত শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ৷ অভিযোগ, ওই যুবতী বেলঘরিয়া রথতলা থেকে ডানলপ বারাকপুর রুটের অটোতে করে নিজের দিদির বাড়ি থেকে বারাকপুরে মাসির বাড়িতে আসছিলেন৷ বেলঘরিয়া রথতলা বি.টি.রোড থেকে ওই যুবতী অটো ধরে৷ অটোটি কিছুদূর যেতেই আগরপাড়ার কাছ থেকে অটোয় ওই সেনা জওয়ান ওঠে৷ এরপরেই সে ওই যুবতীর সঙ্গে অটোর ভিতরে বসে অশালীন আচরণ করতে শুরু করে৷

এমনকী ওই যুবতীর শরীরেও হাত দেয় বলে অভিযোগ৷ তিনি তাঁর প্রতিবাদও করেন৷ এমনকী অটোচালককেও বলেন৷ কিন্তু তাতেও কোনও লাভ হয়নি বলে জানায় ওই যুবতী৷ অটোচালককে অটো থামাতেও বলেন ওই যুবতী৷ কিন্তু অটোচালক অটো না থামিয়ে আরও দ্রুত গতিতে অটো চালাতে শুরু করে৷ এরপর তিনি ওই অটোতে করে বারাকপুর চিড়িয়ামোড়ে নামে৷ সেখানে ট্রাফিক পুলিশ বুথের সামনে ওই ব্যাক্তিকে নামিয়ে ট্রাফিক পুলিশের কাছে গোটা ঘটনার অভিযোগ জানায় ও ওই যুবককে ধরিয়ে দেয়৷ এরপর টিটাগড় থানার পুলিশ এসে অভিযুক্ত ওই ব্যাক্তিকে আটক করে টিটাগড় থানায় নিয়ে যায়৷ ওই যুবতী টিটাগড় থানায় অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেছে৷

পুলিশ সূত্রের জানা গিয়েছে, অভিযুক্ত শ্যামচরন সাউ একজন সেনা কর্মী এবং সে হরিয়ানার বাসিন্দা৷ অভিযুক্ত শ্যামচরনকে জিজ্ঞাসাবাদ শুরু করছে টিটাগড় থানার পুলিশ৷ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তাঁরা৷ ওই অটোচালকও এই ঘটনার সঙ্গে জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ৷ নির্যাতিতা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পুলিশের কাছে৷

এর আগে বহুবার কলকাতার বিভিন্ন অটোরুটে এই রকম ঘটনা ঘটেছে৷ নির্যাতিতারা সকলেই অভিযুক্তদের বিরুদ্ধে নিকটবর্তী থানায় অভিযোগ দায়েরও করেছে৷ পাশাপাশি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছিল৷ এমনকী অটো চালকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠলে অটো ইউনিয়নের সদস্যরা নির্যাতিতা মহিলার উপর চড়াও হয়৷ এমনকী কয়েকজন যুবক তাঁকে হুমকিও দেয়৷ এরপরেও অভিযোগ করার প্রতিবাদে রিকশায় চড়ে বাড়ি ফেরার সময় ফের হুমকির শিকার হতে হয় ওই মহিলাকে৷ পরে পুলিশের সাহায্যে বাড়ি ফেরেন অভিযোগকারিণী৷

The post চলন্ত অটোতে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ সেনা জওয়ানের বিরুদ্ধে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MeRRV0
via IFTTT

Comments