‘উন্নয়ন নয়, শ্বাস নিতে চায় দিল্লি’
নয়াদিল্লি : প্রতিবাদে পথে নেমেছে দিল্লি৷ গাছ কাটা চলবে না, এই শ্লোগানে ভরে উঠেছে দিল্লির পথ ঘাট৷ নয়াদিল্লির বুকে হতে চলা প্রশাসনের উন্নয়ন মূলক কর্মসূচির প্রতিবাদে এই বিক্ষোভ তাঁদের৷
উন্নয়নের নামে ১৭ হাজার গাছ কেটে ফেলতে চাইছে প্রশাসন৷ সরোজিনী নগর, নেতাজী নগর ও নৌরোজি নগরের বাসিন্দাদের অভিযোগ উন্নয়নের নাম করে শ্বাস নেওয়ার অধিকারটুকু কেড়ে নিতে চাইছে প্রশাসন৷ এই কাজ হতে দেবেন না তাঁরা৷ সেই প্রতিবাদেই পথে নেমেছেন এলাকার মানুষ৷
পরিবেশবিদ বিমলেন্দু ঝা গোটা ঘটনার সমালোচনা করেন৷ তিনি বলেন, যেখানে মানুষ শ্বাস নিতে পারছেন না৷ প্রতিদিন গড়ে ৮০ জন মানুষ মারা যাচ্ছেন বায়ুদূষণ জনিত রোগে৷ অসুস্থ হয়ে পড়ছেন প্রচুর মানুষ৷ সেখানে প্রশাসন কিভাবে গাছ কাটার কথা ভাবে? এটা রীতিমতো অমানবিক ও দুর্ভাগ্যজনক৷
যেভাবে সাধারণ মানুষ ভাবছেন কেন প্রশাসন সেভাবে ভাবছে না, সেটা আশ্চর্যের বলে বিস্ময় প্রকাশ করেছেন এই পরিবেশ বিদ৷ সাধারণ মানুষের পক্ষ থেকে বিমলেন্দু বলেন প্রশাসনের কাছে আবেদন, যাতে গাছ কাটা না হয়৷ গাছ রেখেই উন্নয়ন হোক, গাছের ওপর দিয়ে নয়৷
এনবিসিসিকেও কাঠগড়ায় তুলেছেন বিমলেন্দু৷ তাঁর মতে উন্নয়নের জন্য যে বাজেট বরাদ্দ হয়, তার সিকিভাগও পরিবেশের খাতে খরচ হয়না৷ এরকম চলতে থাকলে শ্বাস নেওয়ার আর অবকাশ থাকবে না৷ এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন৷
তিনি বলেন রাজ্য সরকারের উচিত এ ব্যাপারে হস্তক্ষেপ করা৷ রাজ্য সরকারের উদাসীনতাতেই এই পরিস্থিতি দাঁড়িয়েছে৷ রাজ্যের পরিবেশ দফতর ও বন দফতরকে আরও উদ্যোগী হতে হবে বলে পরামর্শ দিয়েছেন তিনি৷
বিক্ষোভকারীরা জানিয়েছেন কোনওভাবেই প্রশাসনের এই পদক্ষেপ সফল হতে দেবেন না তাঁরা৷ গাছগুলিকে জড়িয়ে ধরে সারাদিন রাত পাহারা চলছে৷ প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে গাছের সামনে বসে চলছে বিক্ষোভ৷
বিক্ষোভকারীদের দাবি, গাছ ছাড়া বাঁচা যাবে না৷ কিন্তু এই সত্যি কথাটা প্রশাসন বুঝতে চাইছে না৷ অক্সিজেন ছাড়া মানুষ বাঁচবে কীভাবে? যেখানে এমনিতেই দিল্লির এই নাভিশ্বাস অবস্থা, সেখানে ১৭ হাজার গাছ কেটে ফেলা কোনও ভাবেই বরদাস্ত হবে না৷
দক্ষিণ দিল্লির বাসিন্দারা তাই এখন নাওয়া খাওয়া ভুলে গাছ পাহারায় ব্যস্ত৷ শুক্রবার রাত থেকে চলছে ধরণা অবস্থান৷ এখন চলবে এই পরিস্থিতি, যতদিন না প্রশাসন হার মানছে৷
The post ‘উন্নয়ন নয়, শ্বাস নিতে চায় দিল্লি’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2yEdCvr
via IFTTT
Comments
Post a Comment