দেশের ‘নোংরা শহরের’ তালিকায় বাংলার ১৯ শহর

নয়া দিল্লি: দেশের অন্যতম ২৫টি নোংরা শহরের মধ্যে ১৯টিই পশ্চিমবঙ্গের৷ সম্প্রতি কেন্দ্রীয় আবাসন ও নগরোয়ন্নন মন্ত্রকের এক সার্ভে রিপোর্টে উঠে এসেছে এমন তথ্যই৷ তালিকায় রয়েছে, দার্জিলিং, শিলিগুড়ি, শ্রীরামপুর, মধ্যমগ্রাম, উত্তর বারাকপুর, বাঁকুড়ার নাম৷ বিভিন্ন স্যানিটেশন ইন্ডিকেটরের নিরিখে এই রিপোর্ট পেশ করা হয়৷ এরমধ্যে ছিল আবর্জনার ঠিকমত সাফাই, বর্জ্য পদার্থের যথাযথ নিকাশি ব্যবস্থা, খোলা জায়গায় শৌচকর্ম করা৷ সমীক্ষায় দেখা গিয়েছে, তিনটি ক্ষেত্রেই বাংলার বহু জায়গার ছবি হতাশাজনক৷

গতমাসেই ‘স্বচ্ছ সর্বেক্ষণ’ ২০১৮-র তালিকা ঘোষণা করা হয়৷ এ বছর শুধু দেশের পরিচ্ছন্ন শহরগুলিকেই তুলে ধরা হয়নি৷ সামনে আনা হয়েছে অপরিচ্ছন্ন শহরের তালিকাও৷ সেখানেই রয়েছে পশ্চিমবঙ্গের ১৯টি শহরের নাম৷ বিহার, উত্তরপ্রদেশেরও তিনটি করে শহর রয়েছে তালিকায়৷ তবে শীর্ষে রয়েছে গুজরাতের ভদ্রেশ্বরের নাম৷ প্রায় ১ লক্ষ মানুষের বাস সেখানে৷ কিন্তু পরিষ্কার-পরিচ্ছন্নতায় পিছিয়ে রয়েছে৷

পশ্চিমবঙ্গের সঙ্গে নাম জুড়েছে নাগাল্যান্ড, পুদুচেরি, ত্রিপুরারও৷ দেশের এই তিন রাজ্যের পরিচ্ছন্নতার ছবিটাও খুব একটা সন্তোষজনক নয়৷ অন্যদিকে ঝাড়খণ্ড পেয়েছে সেরার সেরা পরিচ্ছন্ন রাজ্যের সম্মান৷ সঙ্গে রয়েছে মহারাষ্ট্র ও ছত্তিশগঢ়ের নামও৷ মন্ত্রক সূত্রের খবর, ২০১৬ ও ২০১৭ সালে যে দু’টি সমীক্ষা করা হয়েছিল তাতে পশ্চিমবঙ্গ অংশ নেয়নি৷

মন্ত্রকের এই রিপোর্ট মোটেই রাজ্যবাসীর জন্য সুখকর নয়৷ যদিও রাজ্যের পুর-নগরোন্নয়ন দফতরের এক আধিকারিক জানান, এই ধরনের রিপোর্ট সম্পর্কে তাঁরা অবগত নন৷ তাই এ বিষয়ে মন্তব্য করতে পারবেন না৷ তবে এ রাজ্য স্বচ্ছতার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়েছে৷ নির্মল বাংলা তার মধ্যে অন্যতম৷ তার যথেষ্ট প্রভাবও লক্ষ্য করা যায়৷

যদিও এই রিপোর্ট প্রকাশ হতেই মিশ্র প্রতিক্রিয়া উঠে আসছে বিভিন্ন মহল থেকে৷ কেউ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে অস্বস্তিতে ফেলতেই এই তালিকা তুলে ধরা হয়েছে৷ কারও বা মত, যেসব রাজ্যগুলিকে কেন্দ্র মাথায় তুলে নিয়ে নাচছে তাদের অধিকাংশ বিজেপিশাসিত৷ সুতরাং এইক্ষেত্রেও রাজনীতির গন্ধ পাচ্ছেন কেউ কেউ৷

অনেকেই বলছেন, বাংলাকে কোন ঠাসা করার আগে কেন্দ্র সরকারের মনে রাখা উচিৎ WHO গতবছর যে রিপোর্টটি প্রকাশ করেছিল তার কথা৷ বিশ্বের ১৫টি দূষিত শহরের মধ্যে ১৪টি শহরই ছিল ভারতের৷ আর এই তালিকায় শীর্ষে ছিল কানপুরের নাম৷ সম্প্রতি দেশের বিভিন্ন স্টেশনগুলির পরিচ্ছন্নতা নিয়ে রেলের তরফে একটি তালিকা প্রকাশ করা হয়েছে৷ সেই রিপোর্ট বলছে, কানপুর সেন্ট্রল স্টেশন দেশের সবথেকে নোংরা রেলস্টেশন৷

The post দেশের ‘নোংরা শহরের’ তালিকায় বাংলার ১৯ শহর appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2luf22c
via IFTTT

Comments