রাজ্য সরকারের নির্দেশে আলুর দাম পেলেন বুদ্ধদেব

স্টাফ রিপোর্টার, বর্ধমান: কৃষি বিপণন দফতরের নির্দেশে বিক্রি করে দেওয়া আলুর দাম চাষিকে মিটিয়ে দিল হিমঘর কর্তৃপক্ষ। চেকে পুরো টাকা মিটিয়ে দিয়েছে তারা।

কৃষি বিপণন দফতর সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সালে বর্ধমানের গোদা এলাকার একটি হিমঘরে ৮৫৮ বস্তা আলু জমা রাখেন নতুনগ্রামের বাসিন্দা বুদ্ধদেব ঘোষ। অভিযোগ, তাঁকে না জানিয়েই আলু বিক্রি করে দেয় হিমঘর কর্তৃপক্ষ।

আরও পড়ুন: শীতের আগে আলুর দাম কমার সম্ভাবনা দেখছেন না ব্যবসায়ীরা

বুদ্ধদেবের দাবি, আলু নষ্ট হয়ে গিয়েছে বলে তাঁকে জানানো হয়। অথচ সেই আলু বিক্রি হয়ে যায়৷ তাই বুদ্ধদেব প্রশ্ন তোলেন, নষ্ট আলু কীভাবে বিক্রি করল হিমঘর কর্তৃপক্ষ? কারাই কিনল সেই আলু? তিনি দাবি করেন, হিমঘরে রাখা তাঁর আলু ভালো ছিল৷ তাই তা বিক্রি করা গিয়েছে৷

ফলে এ নিয়ে টানাপোড়েন শুরু হয়ে যায়৷ প্রথমে টাকা দিতে অস্বীকার করে হিমঘর কর্তৃপক্ষ৷ তখন প্রশাসনের দ্বারস্থ হন বুদ্ধদেব ঘোষ৷ তাঁর অভিযোগ, এর পর তাঁকে ২০ হাজার টাকার বিনিময়ে সবকিছু মিটমাট করে নিতে বলে ওই হিমঘর কর্তৃপক্ষ৷

বুদ্ধদেবও তখন সুবিচারের দাবিতে নাছোড়৷ তিনি তাই ফিরিয়ে দেন হিমঘর কর্তৃপক্ষের প্রস্তাব৷ বদলে অভিযোগ করেন কৃষি বিপণন দফতরে৷ দু’পক্ষকে আলোচনায় ডাকা হয় রাজ্য সরকারের ওই দফতরের তরফে৷

আরও পড়ুন: ঋণ শোধ করতে না পেরে আত্মঘাতী আলুচাষি

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ঘটনার বছরে ৩১ ডিসেম্বর পর্যন্ত হিমঘরে আলু রাখার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল৷ কিন্তু তার আগেই হিমঘর কর্তৃপক্ষ আলু বেচে দিয়েছিল৷ তাই হিমঘর কর্তৃপক্ষকেই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয় রাজ্য সরকারের ওই দফতরের তরফে৷

দফতরের তরফে জানানো হয়, ৮৫৮ প্যাকেট আলুর দাম বাবদ ১ লক্ষ ৩৩ হাজার ৭০০ টাকা মিটিয়ে দেওয়ার জন্য৷ সেই নির্দেশ মেনেই টাকা মেটাল হিমঘর কর্তৃপক্ষ৷

আরও পড়ুন: বিপন্ন আলুচাষিদের পাশে বিজেপি

পরে ক্ষতিপূরণ বাবদ আরও ৪৩ হাজার ৯০৬ টাকা কৃষি বিপণন দফতরে জমা দেওয়ার জন্য হিমঘর কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। সেইমতো হিমঘর কর্তৃপক্ষ কৃষি বিপণন দফতরে চেক জমা দেন। সেই চেক হাতে পেয়েছেন বুদ্ধদেব।

দীর্ঘ লড়াইয়ের পর তিনি বলেন, ‘‘চাষিদের মত না নিয়ে হিমঘরে মজুত রাখা আলু বিক্রি করে দেওয়ার ঘটনা আকছার ঘটছে। দাম বাড়লে হিমঘর কর্তৃপক্ষ মুনাফার লোভে আলু বিক্রি করে দেয়৷ তাতে হিমঘরের লাভ হয়। আর চাষিরা লোকসানের মুখে পড়েন। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য লড়াই চালিয়েছি। টাকা পেয়ে ভালো লাগছে।’’

আরও পড়ুন: কালোবাজারীর প্রতিবাদে হিমঘরে আলুচাষিদের তাণ্ডব

The post রাজ্য সরকারের নির্দেশে আলুর দাম পেলেন বুদ্ধদেব appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tyTm8z
via IFTTT

Comments